Image description

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে এই সফলতার মাঝেই মেট্রোরেল এলাকায় বর্জ্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি ভুয়া ছবি ব্যবহার করে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

শফিকুল ইসলাম খান জানান, গত ৭২ ঘণ্টায় উত্তর সিটি এলাকা থেকে মোট ১৮ হাজার ৩৪৪ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। তিনি বলেন, “নগরবাসীর সক্রিয় সহযোগিতার কারণেই আমরা নির্ধারিত সময়ের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে পেরেছি। উত্তর সিটিকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রাখতে আমাদের কর্মীরা বিরামহীন কাজ করে যাচ্ছে।”

মেট্রোরেল এলাকায় বর্জ্য জমে থাকা সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশাসক বলেন, “মেট্রোরেল নিয়ে অনেকে অনেক অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল। আমি নিজে উপস্থিত থেকে ওই এলাকা পরিষ্কার করিয়েছি। অথচ কিছু ব্যক্তি বা গোষ্ঠী সরকার ও ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এআই দিয়ে তৈরি বানোয়াট ছবি ছড়িয়েছে। বাস্তব পরিস্থিতির সঙ্গে এসব ছবির কোনো মিল নেই। আপনারা সশরীরে গিয়ে দেখে আসতে পারেন যে সেখানে কোনো বর্জ্য নেই।”

তিনি আরও জানান, উত্তর সিটির অধীনে পরিচালিত চারটি পশুর হাটের বর্জ্য ইতিমধ্যে সম্পূর্ণ অপসারণ করা হয়েছে এবং বাকি হাটগুলোর পরিচ্ছন্নতার কাজও দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মী এবং সহযোগিতা করার জন্য নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

মানবকণ্ঠ/আরআই