ভিসা প্রক্রিয়াকরণ দ্রুততর করার লক্ষ্যে নতুন ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এখন থেকে সব ধরনের অভিবাসী ভিসা (Immigrant Visa) ক্যাটাগরির আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হবে।
রোববার (৩১ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
দূতাবাসের ঘোষণা অনুযায়ী, এই নতুন নিয়ম আগামীকাল সোমবার (১ জুন) থেকেই কার্যকর হতে যাচ্ছে। এর ফলে অভিবাসী ভিসার জন্য আবেদনকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে বলে আশা করা হচ্ছে।
ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, “ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে।” মূলত ভিসা সেবা আরও সহজ ও গতিশীল করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
আবেদনকারীদের এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের ‘ভিসা বিভাগ ডিরেক্টরি’ এবং ‘অভিবাসী ভিসা বিভাগ’ সংক্রান্ত পাতাগুলো দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাধারণত অভিবাসী ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগলেও মার্কিন দূতাবাসের এই নতুন সিদ্ধান্তের ফলে ঢাকার ভিসা কার্যক্রমের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।




Comments