আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ’ জয় করেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। তবে পিএসজির এই ঐতিহাসিক শিরোপা জয়ের উৎসব মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। ম্যাচ জয়ের পর প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সমর্থকদের ব্যাপক সংঘর্ষ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে সমতা থাকার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে আর্সেনালকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।
পিএসজির জয়ের পরপরই প্যারিসের বিখ্যাত শঁজেলিজে (Champs-Élysées) সড়কে হাজার হাজার সমর্থক উৎসবে মেতে ওঠেন। তবে সেই আনন্দ দ্রুতই সহিংসতায় রূপ নেয়। উত্তেজিত সমর্থকরা বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার ছুঁড়তে শুরু করেন। এক পর্যায়ে রাস্তায় থাকা ইলেকট্রিক বাইকে আগুন দেওয়া হয় এবং বেশ কিছু দোকানের কাঁচ ভাঙচুর করা হয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সহিংসতা দমনে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় প্যারিসের বাস, ট্রেন ও রেল পরিষেবা পুরোপুরি অচল হয়ে পড়ে। দাঙ্গায় ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং অন্তত ছয়টি যানবাহন ও দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ভোর পর্যন্ত দেশজুড়ে ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে শুধু রাজধানী প্যারিস থেকেই ২৮০ জনকে আটক করা হয়। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এই অস্থিরতাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফ্রান্সের চরম ডানপন্থি নেত্রী মারিন লা পেন এই ঘটনার তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “শুধু ফ্রান্সেই ফুটবল ক্লাবের বিজয়ের মতো আনন্দপূর্ণ ঘটনা দাঙ্গায় পরিণত হয়। এখানে বিজয়ের রাতেও মানুষকে আতঙ্কে ঘরে বসে থাকতে হয়।”
এত বড় সহিংসতার মধ্যেও আজ (রবিবার) বিকেলে পিএসজি খেলোয়াড়দের বিজয় শোভাযাত্রার কর্মসূচি রয়েছে। আইফেল টাওয়ারের পাশে শঁ-দ-মার্স প্রাঙ্গণে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ চ্যাম্পিয়ন দলটিকে বিশেষ সংবর্ধনা দেবেন বলে জানা গেছে।




Comments