বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় কালক্ষেপণ না করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। সোমবার (১ জুন) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি বৈঠক শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে বর্তমানে দু-একজন করে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। যেহেতু এখনই ডেঙ্গু বিস্তারের সময়, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। ডেঙ্গু মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) থেকেই সারাদেশে চিকিৎসকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে। ডেঙ্গু রোগীদের সঠিক চিকিৎসা পরিকল্পনা নিশ্চিতে এই ট্রেনিং দেবে ‘সোসাইটি অব মেডিসিন’।
লজিস্টিক সাপোর্টের বিষয়ে মন্ত্রী জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু শনাক্তের রিএজেন্ট এবং প্রয়োজনীয় স্যালাইন মজুত আছে। তবে পরিস্থিতি বিবেচনায় আরও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মশা নিধন ও ডেঙ্গুর উৎস ধ্বংস করার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা খুব শীঘ্রই সিটি করপোরেশনের সঙ্গে বৈঠকে বসবো। ডেঙ্গুর মূল উৎপত্তি স্থল তথা এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন কাজ করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে।’
স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান এবং সোসাইটি অব মেডিসিনের নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/আরআই




Comments