বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজার সময় এ ঘটনা ঘটে।
উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আজ বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর প্রথম জানাজা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
তোফায়েল আহমেদের মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে করে তোফায়েল আহমেদের নিজ জেলা ভোলায় নেওয়া হবে মরদেহ। সেখানে সার্কিট হাউস ময়দানে জানাজা শেষে তাকে মায়ের কবরের পাশে দাফন করা হবে।
পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।




Comments