Image description

উন্নয়নের দীর্ঘ প্রতিশ্রুতির ভিড়ে খুলনার পাইকগাছা উপজেলার দক্ষিণ আমিরপুর-বাইনবাড়িয়া সড়কটি বর্তমানে এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১০নং গড়ইখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ আমিরপুর গ্রামের এই সড়কটি খানাখন্দে ভরা। দেবব্রতের দোকান থেকে দক্ষিণ আমিরপুর হয়ে বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের নতুন ব্রিজ সংলগ্ন রমাকান্ত সরদারের বাড়ি পর্যন্ত বিস্তৃত সড়কটির বিভিন্ন স্থানে ইটের সলিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয় এবং বর্ষা মৌসুমে পুরো রাস্তা কাদা-পানিতে একাকার হয়ে যায়।

স্থানীয়রা জানান, এই সড়কটি ওই এলাকার যাতায়াতের প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী এই রাস্তা ব্যবহার করেন। সড়কের বেহাল দশার কারণে জরুরি মুমূর্ষু রোগী হাসপাতালে নেওয়া কিংবা কৃষিপণ্য বাজারজাত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বারবার জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার উদ্যোগ না থাকায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা সুমেন মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তা এখন আর রাস্তা নেই—এটি আমাদের দুর্ভোগের প্রতিচ্ছবি। বছরের পর বছর ধরে শুধু আশ্বাসই শুনে আসছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্ষায় এই পথ দিয়ে চলাচল করা দুঃস্বপ্নের মতো। আমরা এখন আর আশ্বাস নয়, দ্রুত সংস্কার কাজ দেখতে চাই।”

আরেক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, নির্বাচনের সময় প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি দিলেও জেতার পর এই রাস্তার আর কোনো খোঁজ কেউ রাখে না।

এ বিষয়ে বক্তব্য জানতে গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মানবকণ্ঠ/ডিআর