Image description

বিগত এপ্রিল মাসে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর জুন মাসে এসে গ্রাহক পর্যায়ে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, নতুন এই নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টার পর থেকেই সারাদেশে কার্যকর হবে। ১২ কেজি এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ দশমিক ৫০ টাকা থেকে কমিয়ে ৮৬ দশমিক ৯৩ টাকা করা হয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসেই এলপিজির দাম দুই দফায় রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল ১২ কেজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করা হয়। এর মাত্র ১৭ দিন পর ১৯ এপ্রিল পুনরায় ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা করা হয়েছিল। অর্থাৎ এক মাসেই ১২ কেজি এলপিজিতে ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল। সেই তুলনায় জুন মাসে মাত্র ৫৫ টাকা কমানোকে গ্রাহকরা নামমাত্র স্বস্তি হিসেবে দেখছেন।

এদিকে বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দাম ঘোষণা করলেও খুচরা পর্যায়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। গত প্রায় সাত মাস ধরে এলপিজি খাতে এক ধরনের অরাজকতা বিরাজ করছে। গত মার্চ মাসে নির্ধারিত দর ১৩৪১ টাকা থাকলেও দেশের বিভিন্ন স্থানে ১৮০০ থেকে ২০০০ টাকায় সিলিন্ডার বিক্রির রেকর্ড পাওয়া গেছে। বিক্রেতারা সংকটের অজুহাতে ইচ্ছেমতো দাম আদায় করছেন।

আমদানিকারকদের দাবির মুখে সরকার আমদানিসীমা বাড়ানো, ট্যাক্স কমানো এবং জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) টন প্রতি ১০৮ ডলার থেকে বাড়িয়ে ২৫০ ডলার করার মতো সুবিধা দিলেও বাজারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না।

২০২১ সালের ১২ এপ্রিল থেকে সৌদি আরামকোর দরের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে এলপিজির দাম নির্ধারণ শুরু হয়। এরপর থেকেই প্রতি মাসে বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে আসছে। তবে মাঠ পর্যায়ে তদারকি না থাকায় সাধারণ মানুষ নির্ধারিত মূল্যের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

মানবকণ্ঠ/আরআই