Image description

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “আগামী বাজেটে শিক্ষা খাতের জন্য প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে, যা হবে এই খাতের জন্য সর্বোচ্চ। আমরা জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিলাম; তবে প্রধানমন্ত্রী ২ শতাংশ বরাদ্দ রাখার বিষয়ে আশ্বস্ত করেছেন।”

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক খোঁজ-খবর নিয়েছেন জানিয়ে ড. মিলন বলেন, “২০২২ সালের পর থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেওয়া রহস্যজনকভাবে বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ে এখান থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।”

তবে শিক্ষকদের জন্য সুখবর দিয়ে তিনি আরও জানান, “আগামী এক মাসের মধ্যে বিশেষ ‘থোক বরাদ্দ’র মাধ্যমে শিক্ষকদের বন্ধ হয়ে থাকা কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা পুনরায় চালু করা হবে। শিক্ষকদের প্রাপ্য সম্মান ও অধিকার ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর।”

শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক সংগঠন ও শিক্ষা সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, বড় অংকের এই বরাদ্দ বাস্তবায়ন হলে দেশের শিক্ষা কাঠামোর আমূল পরিবর্তন সম্ভব হবে।

মানবকণ্ঠ/ডিআর