Image description

কক্সবাজারে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ক্যাম্পাসে একটি সেতুর নির্মাণকাজ চলাকালে পাহাড় ধসে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। আহত তিন শ্রমিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক আব্দুল খালেক জানান, ক্যাম্পাসের ভেতরে একটি সেতুর জন্য পাহাড় কেটে মাটি অপসারণ করা হচ্ছিল। কাজ চলাকালীন হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়লে পাঁচজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে অন্য শ্রমিক ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করা সম্ভব হলেও ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

হতাহত শ্রমিকরা প্রায় এক মাস ধরে ওই প্রকল্পে কাজ করছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকৃত আহতদের মুখমণ্ডল, মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লাকি এন্টারপ্রাইজ’-এর প্রতিনিধি আব্দুর রহিম মজুমদার রনি দাবি করেন, যথাযথ নিরাপত্তাবিধি মেনেই শ্রমিকরা কাজ করছিলেন। তবে পাহাড়ের অংশটি আকস্মিকভাবে ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর