ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সোয়া দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে মাইক্রোবাসে থাকা চালক ও যাত্রীরা সময়মতো নেমে পড়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে পাঘাচং এলাকা অতিক্রম করছিল। এসময় ওই স্টেশনের পাশের একটি অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি মাইক্রোবাস রেললাইনের ওপর আটকে যায়। দ্রুতগামী ট্রেনটিকে আসতে দেখে চালক ও গাড়িতে থাকা যাত্রীরা তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। এর কিছুক্ষণ পরই ট্রেনটি সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি যাত্রীশূন্য থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনার পর ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি উদ্ধারের কাজ শুরু করেছেন। ট্রেনের কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটায় জনমনে স্বস্তি বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments