Image description

ময়মনসিংহের গফরগাঁওয়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. সিয়াম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই গ্রামের হাজী বাড়ির মৃত রুকন উদ্দিনের একমাত্র ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সিয়াম বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতে কৃষিকাজ করছিলেন। ওই সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে নিহতের বাড়িতে এখন শোকের মাতম চলছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর