Image description

আগামী রোববার (৭ জুন) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে এই আদেশ কার্যকর হবে এবং সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ অধিবেশন চলাকালে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের অর্পিত ক্ষমতাবলে নির্দিষ্ট এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও ক্ষতিকারক বস্তু বহন ছাড়াও যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং; বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা; পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট; মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল; বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং; ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত; জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।

ডিএমপি জানিয়েছে, সংসদের বাজেট অধিবেশন নির্বিঘ্ন করতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর