Image description

চলমান ফিফা বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ফুটবল নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। আজ রাতে পুরুষ দল সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামলেও, সবার মূল নজর এখন নারী দলের দিকে। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্বাগতিক ভারতের বিপক্ষে সাফের মেগা ফাইনালে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপার সন্ধানে। আগের দুই চ্যাম্পিয়ন দলের সদস্য মারিয়া মান্দার কাঁধেই এবার দলের নেতৃত্ব। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ তিনি। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে মারিয়া জানান, দলের সব খেলোয়াড় পুরোপুরি ফিট এবং মানসিকভাবে দারুণ উজ্জীবিত। সেমিফাইনালে নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে জয় তুলে নেওয়াটা দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

গত দুই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও এবার গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-০ গোলে হারতে হয়েছে বাংলাদেশকে। এছাড়া সেমিফাইনালেও কিছুটা সংগ্রাম করতে হয়েছে। তবে এসব অতীত ভুলে অধিনায়কের পুরো মনোযোগ এখন শিরোপায়। স্বাগতিক ভারতের বিপক্ষে খেলা এবং গ্যালারির চাপ নিয়ে মোটেও চিন্তিত নন মারিয়া। নেপালের মাটিতে ভরা গ্যালারির চাপ সামলে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত তার দল। দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করবে তারা।

অন্যদিকে, দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার যেকোনো মূল্যে ফাইনাল জিতে শিরোপা ঘরে তুলতে চান। তার মতে, ফাইনালে সব সময় সুন্দর ফুটবল খেলার চেয়ে জয় নিয়ে মাঠ ছাড়াটাই মুখ্য বিষয়। ৪০ বছরেরও বেশি সময় ধরে ফুটবলের সাথে যুক্ত এই কোচ মনে করেন, সেরা দলগুলো ফাইনালে সবসময় দৃষ্টিনন্দন ফুটবল খেলে না; বরং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মানবকণ্ঠ/আরআই