সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাইদহ (উত্তরপাড়া) গ্রামে সাপের কামড়ে মো. নুর-মোহাম্মদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ওই গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পাশের বাড়ির একটি ঘরের খামারে খেলছিল নুর-মোহাম্মদ। একপর্যায়ে খামারের ভেতরে হাত দিলে একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার এপেক্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশুর চাচা আব্দুল মালেক বলেন, “সাপ কামড়ানোর পর আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।”
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম বলেন, সাপে কামড়ানো অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া গেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, সাপের কামড়ে শিশুটির মৃত্যুর বিষয়টি জানা গেছে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয়রা সাপের উপদ্রব থেকে বাঁচতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।




Comments