দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬১৩ জনের প্রাণহানি ঘটলো।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯১৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত সারা দেশে মোট ৯ হাজার ৬২০ জনের হাম শনাক্ত হলো। এছাড়া এই সময়ের মধ্যে মোট ৭৭ হাজার ৭৯১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৬৩ হাজার ১৩৪ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৯৬৪ জন।
বিশেষজ্ঞরা শিশুদের হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি শরীরে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments