Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে আয়োজিত ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল দুই দফায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে এনসিপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন উপজেলা বিএনপির সভাপতি।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ও শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ম সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্য সচিব ইউসুফ মোল্লা এবং জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ অন্তত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে এনসিপির ফল উৎসবের প্রস্তুতি চলছিল। শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে প্রথম দফা মঞ্চ ভাঙচুর করে। পরে প্রশাসনের সহযোগিতায় পুনরায় প্যান্ডেল তৈরি করা হলে শনিবার বেলা ৩টার দিকে ৫০-৬০টি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র যুবক দ্বিতীয় দফায় হামলা চালায়। তারা কয়েকশ চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং প্যান্ডেল ছিঁড়ে ফেলে। এ সময় বাধা দিতে গেলে নেতাকর্মীদের ওপর নির্বিচারে হামলা চালানো হয়।

খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ঘটনাস্থলে গিয়ে এনসিপি নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করলে তিনি তাদের তোপের মুখে পড়েন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। পুলিশের সামনেই তারা এই তাণ্ডব চালায় বলে তাদের দাবি।

তবে অভিযোগ অস্বীকার করে সুলতান মাহমুদ বলেন, “আমি এসবের কিছুই জানি না, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।” এদিকে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, “যারা এই হামলা করেছে তারা আমাদের দলের কেউ না। বিএনপির দুর্নাম করার জন্য আওয়ামী প্রেতাত্মারা এই ঘটনা ঘটিয়েছে।”

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “এনসিপির প্রোগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।”

মানবকণ্ঠ/ডিআর