Image description

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি তেলবাহী মালগাড়ীর তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। আজ রোববার (৭ জুন) ভোর ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সাফদারপুর রেলস্টেশনের মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে পেছনের তিনটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলপথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর থেকে ওই রুটে চলাচলকারী বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে, যার ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজের জন্য খুলনা থেকে একটি বিশেষ উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর বগিগুলো সরিয়ে রেললাইন সচল করার কাজ শুরু হবে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।

মানবকন্ঠ/আরআই