Image description

ফিলিপাইনে শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৯ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

বিবিসি বাংলা’র প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও-এর জেনারেল সান্তোস সিটি উপকূলে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

দেশটির পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৩৪ জন আহত হয়েছেন এবং আরও সাতজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

ভূমিকম্পের পর ইন্দোনেশিয়া, জাপানসহ আশপাশের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যদিও পরে অধিকাংশ সতর্কতা প্রত্যাহার করা হয়।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সব সরকারি সংস্থাকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছেন তিনি।