Image description

বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী-কে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১২ জুন সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা গ্রহণের পর তিনি নিজেও মঞ্চে গান পরিবেশন করবেন।

শিল্পকলার জনসংযোগ বিভাগ জানিয়েছে, ‘কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসায়’ শীর্ষক এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিতায় রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং জাহেদ উর রহমান। এছাড়া উপস্থিত থাকবেন হেলাল খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন শেখ রেজাউদ্দিন আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে সৈয়দ আব্দুল হাদী তার অনন্য কণ্ঠ, শিল্পনিষ্ঠা এবং অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

সন্ধ্যা ৭টায় শুরু হবে সাংস্কৃতিক পর্ব। প্রথমে তার গাওয়া কালজয়ী গানগুলো পরিবেশন করবেন নতুন প্রজন্মের শিল্পীরা। এরপর মঞ্চে উঠবেন ৮৫ বছর বয়সী এই বরেণ্য শিল্পী নিজেই। তার একক পরিবেশনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বাংলা গানের ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে এক আবেগঘন ও স্মরণীয় সন্ধ্যা, যেখানে শ্রদ্ধা, ভালোবাসা এবং সংগীতের মাধ্যমে উদযাপিত হবে একজন কিংবদন্তির দীর্ঘ সৃষ্টিশীল পথচলা।