Image description

ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

বুধবার (১০ জুন) নয়াদিল্লির ১০ নম্বর জনপথে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা মুখোমুখি আলোচনা করেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন।

পরপর এই দুই বৈঠককে ঘিরে ভারতের রাজনৈতিক মহলে আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। যদিও আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিরোধী জোটের শরিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে এসব যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে সংশ্লিষ্ট কোনো পক্ষই এখন পর্যন্ত বৈঠকগুলোর উদ্দেশ্য বা সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।