Image description

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৬টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আক্তার হোসেনের ভাড়া বাসার একটি কক্ষে দিনমজুর পরিবারের সদস্যরা বসবাস করতেন। ঘরের ভেতরেই রান্নার ব্যবস্থা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে দরজা-জানালা বন্ধ থাকায় সিলিন্ডার থেকে নির্গত গ্যাস পুরো ঘরে জমে যায়।

সকালে পরিবারের একজন রান্নার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করলে হঠাৎ বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের চার সদস্য দগ্ধ হন।

খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,  ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পুলিশের একটি দল ঘটনাস্থলে তদন্ত করছে।