মসজিদে চুরির কিছুক্ষণ পরই ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মডেল মসজিদে চুরির কিছুক্ষণ পর একটি পাঁচতলা ভবন থেকে পড়ে আকাশ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার ‘এস. জামান টাওয়ারে’ এই ঘটনা ঘটে। নিহত আকাশ ওই এলাকার চরাইবন মহল্লার জুয়েল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে এস. জামান টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে প্রবেশের চেষ্টা করার সময় এক নারী বাসিন্দার নজরে পড়েন আকাশ। ওই নারী চিৎকার শুরু করলে ভবনের অন্যান্য বাসিন্দা ও আশপাশের লোকজন জড়ো হতে থাকেন। এ সময় ধরা পড়ার ভয়ে দ্রুত পালানোর চেষ্টা করতে গিয়ে আকাশ ভবন থেকে নিচে একটি অটোরিকশার ওপর ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা আরও জানান, ভবন থেকে পড়ে যাওয়ার প্রায় আধঘণ্টা আগে আকাশ কুলিয়ারচর মডেল মসজিদ থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments