Image description

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া আলোচিত সেই নবজাতকটি মারা গেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামে নিজ বাড়িতে শিশুটির মৃত্যু হয়। স্থানীয় গ্রামপুলিশ মনির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুন মঠবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর দেখা যায়, শিশুটির দুই হাত ও দুই পায়ে মিলিয়ে মোট ৩০টি আঙুল রয়েছে। অস্বাভাবিক এই শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে শুধু আঙুলই নয়, শিশুটির আরও কিছু শারীরিক জটিলতা ছিল।

মঠবাড়িয়ার শিশু বিশেষজ্ঞ ডা. মো. মনিরুজ্জামান জানান, শিশুটির ৩০টি আঙুল ছাড়াও জন্মগতভাবে জিহ্বা ছিল না এবং ঠোঁট কাটা ছিল। মূলত নানা শারীরিক জটিলতা নিয়েই শিশুটি জন্মেছিল।

নিহত শিশুটির বাবা ইসমাইল পালোয়ান পেশায় একজন দিনমজুর। তিনি মঠবাড়িয়ার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা। মা জেসমিন আক্তারের এটি পঞ্চম সন্তান ছিল।

উল্লেখ্য, জন্মের পর থেকেই এই বিরল নবজাতককে দেখতে হাসপাতালে এবং পরে তাদের বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার সকালে শিশুটি চিরবিদায় নেয়। এই ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর