Image description

খুলনার রূপসা স্ট্যান্ড রোডে অবস্থিত বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে হাসপাতালটির ১৭ তলা বিশিষ্ট আধুনিক ভবনের নিচতলায় এই আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় আগুন লাগার খবর আসে। সংবাদ পাওয়ার মাত্র ৫ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান ও আগুন নেভানোর কাজ শুরু করেন। ভবনের তীব্র ধোঁয়ার কারণে ভেতরে আটকে পড়া রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালান।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু জানানো যায়নি। এছাড়া নিচতলা থেকে লাগা এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মানবকণ্ঠ/আরআই