Image description

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে ঢাকায় পৌঁছেছেন প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। শুক্রবার (১২ জুন) সকালে তিনি বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাকে বর্তমানে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের রাজনীতির এক পরিচিত মুখ। তিনি মূলত গুজরাটি বংশোদ্ভূত হলেও বাঙালি সংস্কৃতি ও বাংলা ভাষার ওপর তার বিশেষ দখল রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত এই রাজনীতিক দীর্ঘ সময় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার রাজনৈতিক প্রজ্ঞা এবং বাঙালি সংস্কৃতির প্রতি গভীর অনুরাগের কারণেই তাকে বাংলাদেশে ভারতের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে।

সাধারণত ভারতের কূটনৈতিক প্রথা অনুযায়ী ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) ক্যাডারের পেশাদার কর্মকর্তাদের এসব গুরুত্বপূর্ণ মিশনে নিয়োগ দেওয়া হয়। তবে দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে সেই প্রথা ভেঙে একজন অভিজ্ঞ রাজনীতিককে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিয়োগ দিল ভারত সরকার।

মানবকণ্ঠ/ডিআর