Image description

বিএনপি নেতৃত্বাধীন সরকার ভবিষ্যতে দেশকে আবারও বিশ্বের বুকে একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

শুক্রবার (১২ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

জাতির এই ক্রান্তিলগ্নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে ড. মঈন খান বলেন, "শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এবং তার উত্তরাধিকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে চলে আমরা বিশ্বের বুকে বাংলাদেশকে আবারও সম্মানসূচক অবস্থানে প্রতিষ্ঠিত করতে চাই।"

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে একটি ভঙ্গুর রাষ্ট্রকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছিলেন এবং বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরের কাজ শুরু করেছিলেন।

জিয়াউর রহমানের বাজেট ভাবনা সম্পর্কে মঈন খান বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাজেট দিতেন, তা কেবল ঢাকা শহরের উঁচু তলার মানুষের জন্য ছিল না। তার প্রতিটি বাজেট ছিল এদেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণের জন্য। আমরা এমন প্রক্রিয়ার মাধ্যমে তাকে স্মরণ করতে চাই, যাতে তার কর্ম ও আদর্শকে সত্যিকার অর্থে গ্রহণ করা যায়।"

আলোচনা সভায় মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর