স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এস এম মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মিজানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের একটি সম্পাদিত ছবি পোস্ট করেন। ছবিতে মন্ত্রীর চেহারার সঙ্গে নারীদেহের অবয়ব জুড়ে দিয়ে শাড়ি পরা অবস্থায় দেখানো হয়। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘আন্টি ক্ষমতায় আসতে না আসতেই ব্যাংক খেয়ে ফেলতেছে’। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার জেরে বৃহস্পতিবার (১১ জুন) রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিজানুর রহমানকে আটক করে সুন্দরগঞ্জ থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে মানহানি করার কারণে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, "স্থানীয় নেতাকর্মীরা ওই যুবককে থানায় নিয়ে এসেছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments