Image description

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনিতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘ইয়েস পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ১৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর