Image description

বাংলাদেশ ব্যাংক বা সরকারের পক্ষ থেকে দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করা হয়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানিয়েছেন, ব্যাংকটিতে রাখা সবার আমানত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গভর্নর স্পষ্ট করেন যে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ কিংবা ব্যবস্থাপনার কোনো সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক অযাচিতভাবে হস্তক্ষেপ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঋণ অনুমোদন, নিয়োগ বা পদোন্নতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের যেসব খবর ছড়াচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে জানান তিনি।

পরিচালনা পর্ষদের পরিবর্তনের বিষয়ে মো. মোস্তাকুর রহমান জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ইসলামী ব্যাংকের পর্ষদে পাঁচজন সদস্য ছিলেন। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া, ঈদের আগে ব্যাংকটির চেয়ারম্যান পদত্যাগ করলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুততম সময়ের মধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। একটি বৃহৎ ‘সিস্টেমিক ব্যাংক’ হিসেবে এর ন্যূনতম পরিচালনা কাঠামো ঠিক রাখা অত্যন্ত জরুরি ছিল বলে উল্লেখ করেন তিনি।

আমানতকারীদের আশ্বস্ত করে গভর্নর বলেন, গ্রাহকদের উদ্বেগের কোনো কারণ নেই, তারা চাইলেই যেকোনো সময় নিজেদের গচ্ছিত অর্থ তুলে নিতে পারবেন। ব্যাংকটির ঋণ-আমানত অনুপাত (এডিআর) সম্পর্কে তিনি জানান, ২০২৪ সালের জুলাই মাসে এর হার ছিল প্রায় ৯৩ শতাংশ, যা চলতি বছরের মার্চে বেড়ে ৯৮ শতাংশে দাঁড়িয়েছে। এডিআর স্বাভাবিক সীমার চেয়ে কিছুটা বেশি হলেও ব্যাংকের সার্বিক পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

মানবকণ্ঠ/আরআই