Image description

২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী মঞ্চে পপসম্রাজ্ঞী শাকিরার পারফরম্যান্সের পরপরই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশের দাবি—মেক্সিকো সিটির ওই মঞ্চে স্বয়ং শাকিরা নন, বরং পারফর্ম করেছেন তার কোনো ‘বডি ডাবল’ বা রূপধারী ক্লোন! কিন্তু আসলেই কি তাই?

গত বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটিতে এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে ২৩তম ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানে জে বালভিন, মানা এবং লিলা ডাউনসের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে মঞ্চ মাতান কলম্বিয়ান সুপারস্টার শাকিরা। মজার বিষয় হলো, এবারের আসরে পারফর্ম করার মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চে উপস্থিতির দিক থেকে সাবেক সঙ্গী ও ফুটবলার জেরার্ড পিকেও ছাড়িয়ে গেছেন তিনি।

তবে বিশ্বকাপের চোখ ধাঁধানো আতশবাজি কিংবা দুর্দান্ত মিউজিকের চেয়েও নেটিজেনদের বেশি মনোযোগ কেড়েছে একটি নতুন ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বা ‘কনস্পিরেসি থিওরি’। অনুষ্ঠান শেষ হতে না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ গাওয়ার সময় মঞ্চে যিনি ছিলেন, তিনি শাকিরা নন।

সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) ও টিকটকে এই আলোচনা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করে লেখেন, ‘উনি কোনোভাবেই শাকিরা হতে পারেন না। দাই দাই গাওয়ার সময় উনার নাচের স্টেপটা খেয়াল করে দেখুন, উনি তাল হারিয়ে ফেলেছেন। এটা নিশ্চিতভাবেই একজন রূপধারী। শাকিরা সবার সঙ্গে প্রতারণা করেছেন।’

কিন্তু কেন এমন সন্দেহ? নেটিজেনদের যুক্তি হলো—মঞ্চে থাকা তারকাকে দেখতে কিছুটা অন্যরকম লাগছিল। ওইদিন পারফর্ম করার সময় শাকিরার পরনে ছিল একটি ঝলমলে হলুদ রঙের পোশাক, সাদা শর্টস ও প্ল্যাটফর্ম স্নিকার্স। আর তার চোখে ছিল বড় আকারের ডার্ক সানগ্লাস, যা মুখের বড় একটি অংশ ঢেকে রেখেছিল। এর পাশাপাশি ভক্তরা লক্ষ্য করেন, তার চুলের শেডও চিরচেনা রঙের চেয়ে কিছুটা আলাদা। মূলত সানগ্লাসে মুখ ঢাকা থাকা এবং কিছুটা ভিন্ন লুকের কারণেই এমন জল্পনার শুরু।

এখন পর্যন্ত এই গুঞ্জনের বিষয়ে শাকিরার জনসংযোগ দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত নিখুঁত প্রমাণ সব জল্পনার অবসান ঘটিয়েছে, যা নিশ্চিত করে যে মঞ্চে থাকা নারীটি শাকিরা নিজেই ছিলেন।

যারা দীর্ঘদিন ধরে শাকিরার ছবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন, তারা জানেন তার কপালে একটি ছোট্ট কাটা দাগ (স্কার) রয়েছে। চলতি বছরের মে মাসে নিউইয়র্কের একটি ইভেন্ট থেকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তোলা হাই-ডেফিনিশন ছবিতেও এই দাগটি স্পষ্টভাবে দেখা গিয়েছিল। আর আসল সত্য হলো—বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ক্লোজ-আপ ছবি ও ফুটেজগুলোতেও ঠিক একই জায়গায় সেই কাটা দাগটি স্পষ্ট দেখা গেছে।

সুতরাং সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন যতই ডালপালা মেলুক না কেন, সমস্ত প্রমাণ এটাই নির্দেশ করে যে—বিশ্বকাপের মঞ্চে কোনো বডি ডাবল নয়, পারফর্ম করেছেন আসল শাকিরাই।

মানবকণ্ঠ/আরআই