মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে তার গান ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির প্রচার চালানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সম্প্রতি হোয়াইট হাউসের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে ফেডারেল এজেন্টদের অভিবাসীদের গ্রেফতার ও হাতকড়া পরানোর দৃশ্য দেখানো হয়। ভিডিওটির পেছনে বাজানো হয় আরিয়ানা গ্রান্ডের ২০২৪ সালের জনপ্রিয় গান ‘বায়’।
ভিডিওটি প্রকাশের পর মন্তব্য করে নিজের অসন্তোষ জানান এই গ্র্যামি বিজয়ী শিল্পী। তিনি লেখেন, “অনুগ্রহ করে এই বর্বর, অমানবিক ও জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে আমার গান কখনো জড়াবেন না।”
আরিয়ানার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তার আইনজীবী দল ভিডিওটি থেকে গানটি সরিয়ে ফেলার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে আরিয়ানার মন্তব্যের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেন, “আসল বর্বরতা হলো সেই অপরাধী অবৈধ অনুপ্রবেশকারীরা, যারা নিরীহ আমেরিকান নাগরিকদের ক্ষতি করেছে।”
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আরিয়ানা গ্রান্ডের মতবিরোধ নতুন নয়। এর আগেও তিনি বিভিন্ন সময়ে ট্রাম্পের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেছেন।
বর্তমানে ট্রাম্পের যোগাযোগ টিম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে জনপ্রিয় গান ব্যবহার করে ভিডিও প্রকাশ করে থাকে। তবে এবার সেই প্রচারণায় নিজের গান ব্যবহারে প্রকাশ্যে আপত্তি জানালেন আরিয়ানা গ্রান্ডে।
সূত্র: রয়টার্স।




Comments