Image description

জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তার বাবা মাহবুবুল আলম।

শনিবার চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি খুলশী থানার ওসি আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের গ্রেফতার করে আদালতে পাঠানো এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানান।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে লালখানবাজার ফ্লাইওভার এলাকায় নাঈমের গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একজন সাদা পোশাকধারী ব্যক্তি ও দুই পুলিশ সদস্য তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। নিজের পরিচয় দেওয়ার পরও তাকে হেনস্তা করা হয় বলে দাবি করেন নাঈম।

এ ঘটনায় ইতোমধ্যে এক উপ-পরিদর্শক (এসআই) ও আরেক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম বলেন, “ওসি ব্যাগ দেখেই বুঝেছিলেন নাঈম একজন ক্রিকেটার। পরিচয় দেওয়ার পরও তাকে ‘চোখ নামিয়ে কথা বল’ বলা হয়েছে। পরে ওসি গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, সেটি সত্য নয়।”

তিনি আরও অভিযোগ করেন, এসআই কামরুজ্জামান ভুল তথ্যের ভিত্তিতে এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন। একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার সম্পর্কে এমন ভুল তথ্য কোথা থেকে এলো এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা তদন্ত করে বের করার দাবি জানান তিনি।

পুলিশের বিভাগীয় ব্যবস্থার সমালোচনা করে মাহবুবুল আলম বলেন, শুধু সাময়িক বরখাস্ত করলেই বিচার হয় না। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া এবং নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শারীরিক আঘাতের পাশাপাশি এই ঘটনার কারণে নাঈম বর্তমানে মানসিকভাবেও বেশ বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন।