Image description

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে আরও ২১ সন্ত্রাসী নিহত হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, গত ৭২ ঘণ্টায় ওই এলাকায় একাধিক গোয়েন্দা অভিযান ও বন্দুকযুদ্ধে এসব সন্ত্রাসী নিহত হয়।

আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, নিহতরা নিষিদ্ধ ঘোষিত টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) গোষ্ঠীর সদস্য। নিহতদের মধ্যে চারজন শীর্ষ কমান্ডারও রয়েছে, যারা নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান অভিযানে এখন পর্যন্ত মোট ৪৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুরো এলাকায় বাকি সন্ত্রাসীদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

এদিকে এই সফল অভিযানের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগের দিন একই অঞ্চলে পৃথক বিস্ফোরণে শিশুসহ তিনজন নিহত হওয়ার পর নিরাপত্তা অভিযান আরও জোরদার করা হয়।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।