বরগুনার তালতলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ফারুক গাজী (৫৫)-এর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্রাথমিক ধারণা করছে পুলিশ। রোববার সকালে থানার ব্যারাক থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে দায়িত্ব পালন শেষে ফারুক গাজী ব্যারাকে ফিরে বিশ্রাম নেন। পরে সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষাক্ত পদার্থ সেবন করেছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, মৃত্যুর আগে ফারুক গাজী একটি চিরকুট লিখে গেছেন। তবে তদন্তের স্বার্থে এর বিষয়বস্তু এখনই প্রকাশ করা হচ্ছে না।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments