Image description

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ ঘটনায় বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। দিনের শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।”

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

তবে কূটনৈতিকভাবে আগাম অবহিত করার পরও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষার পর উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি মিললেও তিনি ভারতে অবস্থান না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

পরে দিল্লি থেকে কলম্বো হয়ে সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে জাহেদ উর রহমানের অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবারই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল।

ঘটনার পর দুই দেশের কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে পরবর্তী ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

মানবকণ্ঠ/আরআই