মাদারীপুরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়িতে হামলা
মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ১২টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে পুলিশের দুটি গাড়িও হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নুরুজ্জামান মোল্লা (৩৫), মাসুদ ফকির (৩৫), হানিফ খান (৪৫) ও কামরুল হাওলাদারের (২৫) পরিচয় পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ঝিকরহাটি গ্রামের পলাশ খানের সঙ্গে কবির মোল্লার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং শতাধিক ককটেল বিস্ফোরণের শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা উভয় পক্ষের অন্তত ১২টি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ওপর হামলা এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments