বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার প্রীতম চক্রবর্তী-এর একটি রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তিনি হয়তো সংগীতজগত থেকে বিরতি বা অবসরের ইঙ্গিত দিয়েছেন।
সম্প্রতি নিজের জন্মদিনে শুভেচ্ছা পাওয়ার পর দেওয়া এক পোস্টে প্রীতম লেখেন, তিনি নিজেকে কয়েক বছর সময় উপহার দিতে চান এবং জীবনকে নতুনভাবে উপভোগ করতে চান। দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা কাজ ও অভিজ্ঞতার দিকে মনোযোগ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি বলেন, বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা তার জন্য দারুণ হলেও অজানা ও নতুন পথের প্রতি তার আগ্রহ সবসময় বেশি ছিল। এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়।
তবে প্রীতম কোথাও সরাসরি সংগীতজগৎ ছাড়ার ঘোষণা দেননি। তাই এটি অবসর, বিরতি নাকি জীবনের নতুন অধ্যায়ের সূচনা—সেটি এখনো স্পষ্ট নয়।
পোস্ট প্রকাশের পর ভক্তরা উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেছেন যে তারা প্রীতমের সুর এবং অরিজিৎ সিং-এর সঙ্গে তার জনপ্রিয় সংগীতজুটি মিস করবেন। অন্যদিকে অনেকের ধারণা, এটি পেশাগত অবসরের চেয়ে ব্যক্তিগত জীবনকে আরও সময় দেওয়ার ইঙ্গিত হতে পারে।
এ বিষয়ে এখনো প্রীতমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। ফলে তার এই ‘নতুন সফর’ ঠিক কী, তা নিয়ে কৌতূহল ও জল্পনা অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments