Image description

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে নেওয়া লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান অনিয়ম ও জবাবদিহিতার ঘাটতি দূর করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, আদ-দ্বীন হাসপাতালের ক্ষেত্রে প্যাথলজি নয়, বরং পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তার মতে, নবজাতকদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত না করা এবং পর্যাপ্ত চিকিৎসক ও ভেন্টিলেশন ব্যবস্থার ঘাটতির কারণে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ঘটনার সময় নবজাতকদের শ্বাসকষ্ট হলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের উপস্থিতি ছিল না এবং নার্সদেরও দ্রুত সাড়া পাওয়া যায়নি। অল্প সময়ের ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি নির্দেশনা ও আইন অমান্য করে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/আরআই