Image description

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে (৪৫) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে নিহতের বড় ভাই ও বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পেয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এই হত্যা মামলাটি করেন।

মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে মুহাম্মদ জাকির (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত শনিবার (১৩ জুন) দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে মাসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা করে এসে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে মাসুদ দৌড়ে একটি ওষুধের দোকানের সামনে পড়ে গেলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। প্রথম দফায় গুলি করে চলে যাওয়ার পর ঘাতকরা আবারও ফিরে এসে মাসুদের মাথায় ৩ রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে। পরে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রায়হান বাহিনীর ৫ সদস্যকে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— কদলপুর এলাকার মোহাম্মদ ইলিয়াস প্রকাশ ‘দামা ইলিয়াস’, দিদারুল আলম প্রকাশ দিদার, রাউজান পৌরসভার মোহাম্মদ ইউসুফ এবং রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ আবছার। পুলিশ জানায়, এরা সবাই চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ বাহিনীর অনুসারী রায়হান বাহিনীর সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন বলেন, "নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা ৫ জন অস্ত্রধারীকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"

নিহত মাসুদুল হক চৌধুরী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বেতাগী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তার এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর