Image description

ব্রাহ্মণবাড়িয়ায় সিনিয়র আইনজীবী ও তাঁর সহকারীর ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের নিচে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কান্দিপাড়া এলাকার মজনু মিয়া (৫০), নবীনগর উপজেলার শিবপুর গ্রামের জসিম মিয়া (৪০), তাঁর স্ত্রী চাঁদনী আক্তার (৩৫) ও একই গ্রামের বাবু মিয়া (২৪)। সোমবার (১৫ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন মন্টু এবং তাঁর সহকারী উজ্জ্বল মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে আইনজীবী আশরাফ উদ্দিন মন্টু আইনজীবী সমিতি ভবনের নিচতলায় তাঁর চেম্বারে কাজ করছিলেন। এসময় মজনু ও জসিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলায় বাধা দিলে তাঁর সহকারী উজ্জ্বল মিয়াও গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে অন্য আইনজীবীরা ও সাধারণ মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় পুলিশ চারজনকে আটক করে।

আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরের একাধিক স্থানে গুরুতর জখম থাকায় সেলাই দিতে হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, "আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর