দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে প্রায় ২ হাজার ১১২ কোটি টাকা।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ভাইটল এশিয়া ও অ্যারামকো ট্রেডিং সিঙ্গাপুর দুটি কার্গো এলএনজি সরবরাহ করবে। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড সরবরাহ করবে আরও একটি কার্গো।
সরকারি সূত্র বলছে, নতুন এই চালানের ব্যয় সাম্প্রতিক সময়ে আমদানি করা সমপরিমাণ এলএনজির তুলনায় কিছুটা কম। এর আগে জুন ও মে মাসে অনুমোদিত বিভিন্ন এলএনজি চালানের জন্য ২ হাজার ১৮৬ কোটি থেকে ২ হাজার ৩৭২ কোটি টাকার ব্যয় নির্ধারণ করা হয়েছিল।
এদিনের সভায় এলএনজির পাশাপাশি ১৫ হাজার টন রক সালফার এবং ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির কয়েকটি প্রস্তাবও অনুমোদন পায়।
মানবকণ্ঠ/আরআই




Comments