দেশের ৭৫টি কারাগারে বর্তমানে ধারণক্ষমতার তুলনায় প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের ৭ জুন পর্যন্ত দেশের কারাগারগুলোর মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর বিপরীতে বর্তমানে বন্দির সংখ্যা ৭৭ হাজার ৪০ জন, যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি।
মন্ত্রী বলেন, অতিরিক্ত বন্দির কারণে কিছু কারাগারে আবাসন সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার নতুন কারাগার নির্মাণ ও বিদ্যমান কারাগারের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে কেরাণীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী ও খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুরে নতুন কারাগার শিগগিরই চালু করা হবে।
এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন জেলা কারাগার নির্মাণের কাজ চলছে। এসব প্রকল্প শেষ হলে কারাগারের ধারণক্ষমতা আরও বাড়বে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মানবকণ্ঠ/আরআই




Comments