Image description

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আগামী ১৪ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বুধবার শুনানিতে কারাগারে থাকা ২৬ জন আসামিকে আদালতে হাজির করা হয়। কয়েকজন আসামির আইনজীবী অব্যাহতির আবেদন করেন এবং অন্যরা সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন জুম বৈঠকে অংশ নিয়ে বর্তমান সরকারকে উৎখাত এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। তদন্ত সংস্থার দাবি, বৈঠকের আলোচনায় রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডের উপাদান পাওয়া গেছে।

সিআইডির তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই।

মানবকণ্ঠ/আরআই