২০২৪ সালের আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের কারণেই ২০২৬ সালের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “২০২৪ না হলে ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো পরিস্থিতিই তৈরি হতো না।”
শুক্রবার (১৯ জুন) বিকেলে মুন্সিগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও বহু মানুষ দেশের জন্য জীবন দিয়েছেন। শহীদদের রক্তের বিনিময়েই আজ আমরা সরকারি ও বিরোধী দলের অবস্থানে আসতে পেরেছি। তাই তাদের এই মহান আত্মত্যাগকে কোনোভাবেই অবমূল্যায়ন করা উচিত নয়।
দেশের বর্তমান সংস্কার প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। জনগণের এই রায়কে সম্মান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা জরুরি। অন্যথায় জনগণের মতামত উপেক্ষা করা হলে পুনরায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে তিনি সতর্ক করেন।
প্রশাসনের সমালোচনা করে জামায়াত আমির বলেন, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান নয়; বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ব্যবসায়ীরা বর্তমানে এমন এক অনিশ্চয়তার মধ্যে আছেন যে, অনেকে প্রকাশ্যে কথা বলতেও ভয় পাচ্ছেন।
মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন। সম্মেলনে জেলার বিপুল সংখ্যক রুকন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments