হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের ছাদের অংশ ধসে মাথায় পড়ে বিদ্যালয়ের দপ্তরী প্রকাশ দাস (৩৭) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত প্রকাশ দাস উত্তর হরিশ্যামা গ্রামের বিকাশ দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয়ের একটি কক্ষে দায়িত্ব পালনকালে হঠাৎ ছাদের পলেস্তারা ও কংক্রিটের বড় একটি অংশ প্রকাশ দাসের ওপর ভেঙে পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম খান জানান, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আজ আকস্মিক এই দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কার বা নতুন ভবনের দাবি জানান।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ইতোমধ্যে ঘটনার খোঁজখবর নিয়েছি এবং স্কুল ভবনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।”
মানবকণ্ঠ/ডিআর




Comments