Image description

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় শুকরণ বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুকরণ বেগম শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা মোকশেদপুর এলাকার মোকশেদ হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোল্লাবাজার এলাকায় রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুকরণ বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গতকাল শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর