খুলনায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় দেওয়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে তথ্য ফাঁসের অভিযোগে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিতে শোনা যায়।
ভিডিওতে কেএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স এবং ক্রাইম অ্যান্ড অপারেশনস) রাশিদুল হাসান খানকে বলতে শোনা যায়, দারোগা বা ইনস্পেক্টরকে তথ্য দেওয়ার পর যদি সেই তথ্য বাইরে চলে যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি ভিডিওতে বলেন, “ইনফরমেশন যদি পাস হয়, আমি ইনস্পেক্টরকে শাস্তির আওতায় আনব… আপনারা গোপন তথ্য দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে ব্যবস্থা নেওয়া হবে।”
খোঁজ নিয়ে জানা গেছে, ওই মতবিনিময় সভাটি গত মঙ্গলবার খুলনা নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় অনুষ্ঠিত হয়। এলাকাটি দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, সন্ত্রাসী তৎপরতা, খুন ও গুলিবর্ষণের মতো ঘটনা বাড়লেও অনেকে আতঙ্কে থানায় তথ্য দিতে সাহস পান না।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় বিএনপি নেতাদের একজন (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, এলাকাবাসী পুলিশের কাছে তথ্য দিলে তা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে। সেই প্রসঙ্গেই সভায় উত্তপ্ত আলোচনা তৈরি হয়।
তবে অতিরিক্ত কমিশনার রাশিদুল হাসান খান বলেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, মূল উদ্দেশ্য ছিল জনগণকে আশ্বস্ত করা এবং তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বোঝানো।
তিনি আরও বলেন, “খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। তবে তথ্য ফাঁস হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এটাই মূল বক্তব্য।”




Comments