জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে দেওয়া বক্তব্য এবং নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের নিজেকে ‘শহিদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করার বিতর্কিত বক্তব্য এক্সপাঞ্জ (সংসদের কার্যবিবরণী থেকে বাদ) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
রোববার (২১ জুন) বিকেলে সংসদ অধিবেশনে বাজেট আলোচনার শুরুতে স্পিকার এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
স্পিকার জানান, গত ১৮ জুন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু অনভিপ্রেত মন্তব্য করেছিলেন। স্পিকার বলেন, ‘যেহেতু সংসদে অনুপস্থিত কোনো ব্যক্তির পক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। এজন্য আবু আশফাকের মন্তব্য আমি এক্সপাঞ্জ করছি।’ একই সঙ্গে স্পিকার নিজের দেওয়া একটি বক্তব্যে ব্যবহৃত ‘ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায়’ শব্দটিও এক্সপাঞ্জ করার ঘোষণা দেন। ভবিষ্যতে সংসদ সদস্যদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, যার পক্ষে এখানে এসে নিজেকে রক্ষা (ডিফেন্ড) করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।
এদিকে, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের একটি অসত্য বক্তব্যও সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। গত ১৪ জুন বাজেট আলোচনায় তিনি নিজেকে শহিদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছিলেন। রোববার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কিশোরগঞ্জ-২ আসনের এমপি মো. জালাল উদ্দীন বিষয়টি উত্থাপন করে বলেন, ওই সংসদ সদস্যের বাবা এখনো জীবিত, তাই তার শহিদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করাটি অসত্য।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংশ্লিষ্ট সংসদ সদস্য নিজেই তার ভুল স্বীকার করেছেন এবং এটি একটি ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল ছিল। বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে আমাকেও জানিয়েছেন। তাই এই অসত্য বিবৃতিটি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হলো।’
মানবকণ্ঠ/ডিআর




Comments