বিশ্ব ফুটবলের বর্তমান সময়ের অন্যতম সেরা বিস্ময় বালক লামিন ইয়ামাল মনে করেন, তিনি এখনও তাঁর সেরাটা দিতে পারেননি। মাত্র ১৮ বছর বয়সী স্প্যানিশ এই উইঙ্গার জানিয়েছেন, তাঁর সামনে উন্নতির দীর্ঘ পথ পড়ে আছে এবং বিশ্বমঞ্চে নিজেকে চেনানোর আরও অনেক কিছু বাকি রয়েছে।
রোববার স্প্যানিশ দৈনিক ‘এল পাইস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘মানুষ আমাকে যতটা ভালো মনে করে, আমি নিজেকে তার চেয়েও অনেক বেশি উন্নত করার লক্ষ্য রাখি। আমি জানি, আমার সামনে পথটা অনেক দীর্ঘ। ফুটবলীয় কারিশমায় এখনও অনেক কিছু উন্নত করার জায়গা আছে।’
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে চোটের কারণে কিছুটা অস্বস্তিতে ছিলেন এই বার্সেলোনা তারকা। তবে স্পেনের হয়ে প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া লড়াইয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। আজ সৌদি আরবের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁর মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে।
নিজের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল বলেন, ‘অনেকেই মনে করেন এটাই হয়তো আমার সর্বোচ্চ মান, এর বেশি কিছু সম্ভব নয়। কিন্তু আমার আত্মবিশ্বাস আমাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারে। আমার সামনে এখনও অনেক অনেক ফুটবল বাকি।’
সাক্ষাৎকারে নিজের সঙ্গে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির তুলনা প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘মেসিই সর্বকালের সেরা। তিনি সেটা বারবার প্রমাণ করে চলেছেন। ৪০ বছর বয়সেও তিনি যেভাবে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন, তা আমার পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না। তাঁর সুবিধা ও দক্ষতা অন্যদের চেয়ে একেবারেই আলাদা।’
খুব অল্প বয়সে তারকাখ্যাতি পাওয়ার নেতিবাচক দিক নিয়েও খোলামেলা কথা বলেছেন এই তরুণ। ইয়ামালের ভাষায়, ‘খ্যাতির একটা মূল্য আছে। আমি এখন আর সাধারণ মানুষের মতো শপিং করতে বা সিনেমা দেখতে যেতে পারি না। কারণ ১৩ বছর বয়স থেকেই মানুষ আমাকে চিনে ফেলছে। স্বাভাবিক জীবনযাপন করা এখন আমার জন্য বেশ কঠিন।’
স্পেনের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা ইয়ামাল বিশ্বাস করেন, তাঁর ক্যারিয়ারের সেরা সময় এখনও সামনে অপেক্ষা করছে। সেই লক্ষ্যেই প্রতিটি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন এই স্প্যানিশ উইঙ্গার।
মানবকণ্ঠ/ডিআর




Comments