গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পাগলা শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুয়ারচালা বারেক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাগলা শিয়াল হঠাৎ করে এলাকায় প্রবেশ করে বিভিন্ন বাড়িতে ঢুকে মানুষকে আক্রমণ করতে শুরু করে। প্রথমে হালিমা আক্তারকে কামড়ে আহত করার পর একে একে হাসান মিয়া, শাওন, বিলকিস বেগম, মোরশেদা বেগম, টিপু মিয়াসহ আরও অনেককে কামড় দেয়। এতে অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়ালটি গ্রামের বিভিন্ন স্থানে দৌড়াদৌড়ি করতে থাকলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা চিৎকার শুরু করলে প্রাণীটি এদিক-সেদিক ছুটে পালানোর চেষ্টা করে। তবে রাত পর্যন্ত শিয়ালটিকে ধরা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এলাকার বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, “রাত সাড়ে ৮টার দিকে শিয়ালটি গ্রামে ঢুকে অন্তত ২০ জনকে কামড়ে আহত করেছে। এখনও এটি এলাকায় ঘোরাফেরা করছে, তাই সবাই আতঙ্কে রয়েছে।”
এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার জানান, খবর পাওয়ার পর আহতদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
শিয়ালটি এখনো এলাকায় অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।




Comments